‘বঙ্গবন্ধু’র বায়োপিকের শুটিংয়ে মুম্বাইয়ে চঞ্চল চৌধুরী

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২০:২২

তানভীর তারেক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতব্য বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিংয়ে অংশ নিতে চঞ্চল চোধুরী ও আরিফিন শুভ মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। গতকাল এই দুই অভিনেতা ঢাকা ছেড়েছেন। ঢাকা ছাড়ার আগে বিষয়টি নিশ্চিত করেছেন আরিফিন শুভ।

ছবিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড়বেলার চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। চঞ্চল চৌধুরী অভিনয় করবেন বঙ্গবন্ধুর বাবা শেখ লুত্ফর রহমানের মাঝ বয়সের চরিত্রে।

ঢাকা ছাড়ার আগে ফেসবুকে চঞ্চল চৌধুরী  লিখেছেন, ‘১১ বছর আগে ফকির লালন শাহকে নিয়ে প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ নির্মাণ করেছিলেন মনের মানুষ ছবি। সেই ছবিতে অভিনয়ের সুবাদে দেশের বাইরে প্রথম শিলিগুড়ির চিলাপাতা ফরেস্টে দীর্ঘদিন শুটিং করেছিলাম। ঠিক ১১ বছর পর তেমনি এক শীতের সকালে মুম্বাই যাচ্ছি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ছবিতে অভিনয় করতে। সত্যিই এ এক অন্যরকম অনুভূতি! বিশাল এক দায়িত্ব। জীবনের অনবদ্য এক স্বপ্নপূরণ!’

‘বঙ্গবন্ধু’ ছবিটির লাইন প্রযোজক মোহাম্মদ হোসেন জেমি বলেন, ‘গত সোমবার মুম্বাইয়ের প্রথম ফ্লাইটে ছবিটির ক্যামেরা ক্রু ও কলাকুশলীরা গিয়েছেন। সেই ফ্লাইটে শিল্পীদের মধ্যে কেবল দিব্যই গিয়েছেন। বঙ্গবন্ধুর কিশোর বেলার চরিত্রে অভিনয় করবেন তিনি।’

গতকাল চঞ্চল চৌধুরী ও আরিফিন শুভ গিয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এরপর গাজী রাকায়েত, রাইসুল ইসলাম আসাদ, তৌকীর আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, ও নুসরাত ফারিয়াসহ অনেকেই যাবেন শুটিংয়ে অংশ নিতে।’

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি থেকে ভারতের মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে যৌথ প্রযোজিত ‘বঙ্গবন্ধু’ ছবিটির শুটিং। ছবিটির প্রথম লটের শুটিং টানা আড়াই মাস চলবে বলে জানা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বায়োপিকটি পরিচালনা করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল।