বিমা কোম্পানিকে ন্যূনতম মূলধন সংরক্ষণের নির্দেশ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:২৬

ইত্তেফাক রিপোর্ট

আগামী এক মাসের মধ্যে দেশে নিবন্ধিত লাইফ ইনসিওরেন্স ও নন-লাইফ ইনসিওরেন্সগুলোকে ন্যূনতম পরিশোধিত মূলধন সংরক্ষণ এবং পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ শেয়ার উদ্যোক্তাদের ধারণের নির্দেশনা জারি করা হয়েছে। ইনসিওরেন্স কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ নির্দেশনা জারি করে।

আইডিআরএর পরিচালক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় আগামী এক মাসের মধ্যে তপশিল-১ অনুযায়ী ন্যূনতম পরিশোধিত মূলধন সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিমা আইন আনুযায়ী, লাইফ ইনসিওরেন্সের ক্ষেত্রে ন্যূনতম ৩০ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হবে। যার ৬০ শতাংশ উদ্যোক্তারা দেবেন। অবশিষ্ট ৪০ শতাংশ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে, নন-লাইফ ইনসিওরেন্সের ক্ষেত্রে ন্যূনতম ৪০ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হবে। যার ৬০ শতাংশ উদ্যোক্তারা দেবেন। অবশিষ্ট ৪০ শতাংশ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৯টি ইনসিওরেন্সের মধ্যে নন-লাইফ ইনসিওরেন্স ৩৭টি এবং লাইফ ইনসিওরেন্স ১২টি। এর মধ্যে নন-লাইফ ইনসিওরেন্সের মধ্যে পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকার নিচে রয়েছে চারটির। কোম্পানিগুলো হলো- অগ্রণী ইনসিওরেন্স, ইসলামিক ইনসিওরেন্স, প্যারামাউন্ট ইনসিওরেন্স, প্রভাতী ইনসিওরেন্স।

প্রভাতী ইনসিওরেন্সের পরিশোধিত মূলধন রয়েছে ২৯ কোটি ৭০ লাখ ২৬ হাজার টাকা, অগ্রণী ইনসিওরেন্সের ৩০ কোটি ২৪ লাখ ৪৭ হাজার টাকা, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ৩৩ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকা এবং ইসলামিক ইনসিওরেন্সের ৩৭ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা।

অন্যদিকে, লাইফ ইনসিওরেন্সগুলোর মধ্যে পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে রয়েছে দুইটির। কোম্পানি দুইটির মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সের মূলধন ১৬ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা এবং রূপালী লাইফ ইনসিওরেন্সের ২৯ কোটি ৪২ লাখ ৫৮ হাজার টাকা।

এদিকে, তালিকাভুক্ত ৪৯টি কোম্পানির মধ্যে মাত্র পাঁচটি ইনসিওরেন্সের উদ্যোক্তাদের শেয়ার রয়েছে ৬০ শতাংশ বা তার বেশি। কোম্পানিগুলো হলো-এক্সপ্রেস ইনসিওরেন্স, ক্রিস্টাল ইনসিওরেন্স, ঢাকা ইনসিওরেন্স, রিলায়েন্স ইনসিওরেন্স ও পাইওনিয়ার ইনসিওরেন্স।

অপরদিকে, উদ্যোক্তাদের শেয়ার ৬০ শতাংশের নিচে রয়েছে ৪৪টি ইনসিওরেন্সের। এর মধ্যে উদ্যোক্তাদের শেয়ার সবচেয়ে কম রয়েছে অগ্রণী ইনসিওরেন্স, বিজিআইসি, কন্টিনেন্টাল ইনসিওরেন্স, ফারইস্ট লাইফ, গ্রিনডেল্টা ইনসিওরেন্স, গ্লোবাল ইনসিওরেন্স, মার্কেন্টাইল ইনসিওরেন্স, নিটল ইনসিওরেন্স, নর্দার্ন ইনসিওরেন্স, পদ্মা লাইফ ইনসিওরেন্স, পিপলস ইনসিওরেন্স, প্রভাতী ইনসিওরেন্স, পপুলার লাইফ ইনসিওরেন্স, রিপাবলিক ইনসিওরেন্স, রূপালী লাইফ ইনসিওরেন্স ও সন্ধানী লাইফ ইনসিওরেন্সের। কোম্পানিগুলোর উদ্যোক্তাদের কাছে শেয়ার রয়েছে ৩৫ শতাংশেরও কম।