সারমারা উপস্বাস্থ্যকেন্দ্র
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা উপস্বাস্থ্যকেন্দ্রে জনবল সংকটে চিকিত্সাসেবা ব্যাহত হচ্ছে। জানা গেছে, জনবল সংকটের কারণে সারমারা উপস্বাস্থ্যকেন্দ্র একটানা ৯ মাস বন্ধ ছিল। দুই মাস আগে এই কেন্দ্রে চিকিত্সাসেবা চালু হয়েছে। বর্তমানে সপ্তাহে এক দিন চিকিত্সাসেবা দেওয়া হয়। প্রতি শনিবার একজন ডাক্তার বসেন সারমারা উপস্বাস্থ্যকেন্দ্রে। সারমারা উপস্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকার কারণে স্থানীয় লোকজন স্বাস্থ্যকেন্দ্রে সরকারি পাকা ভবনগুলো গুদামঘর হিসেবে ব্যবহার করছে। উপস্বাস্থ্যকেন্দ্রে সামনের অংশ বেদখল হয়ে গেছে। সামনের অংশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় স্বাস্থ্যকেন্দ্র অবরুদ্ধ হয়ে পড়েছে। স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে ময়লা-আবর্জনায় ভরে গেছে। ফলে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে স্বাস্থ্যকেন্দ্র এলাকায়। এ ব্যাপারে বগারচর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু জানান, বগারচর ইউনিয়নের একমাত্র সরকারি চিকিত্সাকেন্দ্র সারমারা উপস্বাস্থ্যকেন্দ্র। উপস্বাস্থ্যকেন্দ্রটি নিয়মিত খোলা না থাকায় গ্রামীণ জনপদের সাধারণ মানুষের চিকিত্সাসেবার চরম বিঘ্ন ঘটছে। চিকিত্সা সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি পেয়েছে। হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। এ ব্যাপারে কশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী বলেন, ‘জনবল সংকট থাকার কারণে সারমারা উপস্বাস্থ্যকেন্দ্র চালু রাখা সম্ভব হচ্ছে না। তারপরেও জনসাধারণের কথা চিন্তা করেই সপ্তাহে একদিন চিকিত্সাসেবার সু-ব্যবস্থা করা হয়েছে। জনবল সমস্যার সমাধান হলেই নিয়মিত চিকিত্সাসেবার পরিবেশ তৈরি হবে।’
