দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
ঘন কুয়াশার কারণে টানা সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়ে শত শত যানবাহন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানান, গত সোমবার সন্ধ্যার পর থেকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত আড়াইটার দিকে কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে আসায় মঙ্গলবার বেলা ১১টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এই রুটে ১৬টি ফেরি চলাচল করছে। দুর্ভোগ কমাতে আটকে থাকা যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হচ্ছে।
