বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন সুমন আলী (২৮) নামে এক ট্রাকচালক। তিনি চুয়াডাঙ্গা সদর থানার ইসলামপাড়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে। জানা যায়, রোববার বিকালে তিনি চুয়াডাঙ্গা থেকে একটি ধানের খড়বোঝাই ট্রাক নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেন। রাত ৮টার দিকে বনপাড়া বাইপাস মোড়সংলগ্ন কলাহাটা এলাকায় ট্রাক থামিয়ে চা পান করেন তিনি। পরে হেলপার আব্দুর রহমানকে গাড়িতে থাকতে বলে টয়লেটে যাওয়ার কথা বলে চলে যান। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গত সোমবার রাতে নিখোঁজ সুমনের ছোট ভাই ইমন আলী বড়াইগ্রাম থানায় জিডি করেছেন।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ব্যাপারে দেশের বিভিন্ন থানায় মেসেজ দেওয়া হয়েছে। এছাড়া প্রযুক্তির সহযোগিতা নিয়ে তাকে উদ্ধারে সব রকম চেষ্টা অব্যাহত আছে।
