সাকিবের প্রত্যাবর্তন আজ

সমালোচনার জন্যও প্রস্তুত তামিম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:৫৭

স্পোর্টস রিপোর্টার

ওয়ার্মআপ শেষে ইনডোরে ব্যাটিংয়ের জন্য যাওয়ার আগে কোচদের সঙ্গে দাঁড়িয়ে পেসারদের বোলিং দেখলেন। পরে উইকেটের ওপরও চোখ বুলিয়েছেন তামিম ইকবাল। অধিনায়কের দায়িত্বের গুরুভার নেওয়ার মানসিক প্রস্তুতি যেন গতকাল দেখা গেল তামিমের শরীরী ভাষায়। ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়কদের তালিকায় এই বাঁহাতির নামটা উঠে গেছে ২০১৯ সালে শ্রীলঙ্কা সফরে।

তবে ১৪তম অধিনায়ক হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্বে তার শুরুটা হচ্ছে উইন্ডিজদের বিরুদ্ধে হোম সিরিজে। মাশরাফির যুগ অবসানের পর দেশের সবচেয়ে সফল ফরম্যাটে নেতৃত্বের যুগ শুরুর আগেই গতকাল সংবাদ সম্মেলনে মেজাজ হারিয়েছেন তামিম।

ব্যাটিংয়ে তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা অনেক দিনের। গতকাল এ প্রসঙ্গে প্রশ্ন আসতেই খেই হারালেন তামিম। বলেছেন, ‘প্রত্যেক প্রেস কনফারেন্সের এই প্রসঙ্গে আমার কথা বলতে হয়। আমি কী করি, আমি তা বলব না। সবচেয়ে ভালো হবে যদি আপনি পরিসংখ্যান ঘেঁটে দেখেন। এই প্রশ্নের একই উত্তর দিতে আমি খুব বেশি উপভোগ করি না।’

তবে সমালোচনাসহ সবকিছু হজম করতে তৈরি আছেন বলেও জানিয়েছেন তামিম। গতকাল এই ওপেনার বলেছেন, ‘আমি রেডি ফর ক্রিটিসিজম, রেডি ফর প্রেইজ কারণ আমি রোমাঞ্চিত।’ এমনকি উপভোগ না করলে অধিনায়কত্ব নিয়ে ভিন্ন ভাবনাও আছে তামিমের, ‘এমনও হতে পারে যে দল খুব ভালো খেললে হয়তো বা আমি উপভোগ করতে পারছি না। তখন সিদ্ধান্তটা আমি অন্যভাবে নিতে পারি।’ অবশ্য বাংলাদেশের জন্য সুখবর—আজকের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। গত বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্স (৬০৬ রান, ১১ উইকেট) করা সাকিব এক বছর নিষিদ্ধ ছিলেন ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে। এই সিরিজ থেকেই বিশ্বসেরা অলরাউন্ডারের সার্ভিস পাবে বাংলাদেশ দল। বলে-ব্যাটে সাকিবের দুরন্ত পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকবে টাইগাররা।

সাকিবের ফেরার দিনে আজ তিন পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ দল। গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, ব্যাটিং অর্ডারে এক থেকে সাতে খেলবেন তামিম, লিটন, শান্ত, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য। স্পিনিং অলরাউন্ডার হিসেবে খেলবেন মিরাজ। আজ ওয়ানডে অভিষেক হতে পারে তরুণ ফাস্ট বোলার হাসান মাহমুদের। পেস আক্রমণের বাকি দুই জন হলেন মুস্তাফিজ ও সাইফউদ্দিন। 

এদিকে নতুন সিরিজ শুরুর প্রাক্কালে অধিনায়ক তামিম ও বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়েছেন মাশরাফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের শেষাংশে দেশের সবচেয়ে সফল সাবেক এই অধিনায়ক গতকাল লিখেছেন, ‘আওয়াজ একটাই (বাংলাদেশ)।’