পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় ভোট ২৮ ফেব্রুয়ারি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২২:৪৭

পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। এ নিয়ে পাঁচ ধাপে ২০৬টি পৌরসভার তপশিল ঘোষণা হলো। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর তপশিল ঘোষণা করেন। এই দফায় সব পৌরসভায় ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট হবে। তবে ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না।

তপশিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে মঙ্গলবার কমিশনের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সিইসি, তিন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তবে নির্বাচন কমিশনার মো. মাহবুব তালুকদার সভায় উপস্থিত ছিলেন না। সভা শেষে নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়।

 পৌরসভা নির্বাচনে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, সহিংসতা বন্ধে ব্যবস্থা নেওয়া আছে। তবে সব জায়গায় কিছু লোক থাকে যারা ভালো জিনিসকে ভালো দেখতে চায় না। যে কারণে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকে না সেখানে উচ্ছৃঙ্খল আচরণ করে। তিনি বলেন, এগুলো খণ্ডচিত্র, এটা সার্বিক পরিস্থিতি না। সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর।

আরেক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আচরণবিধি না মানলে আইনগত ব্যবস্থা নিতে হবে। এমনও হতে পারে প্রার্থী বিজয়ের পর মিছিল বের করলে বিজয়ী হওয়ার পরও কমিশন তার প্রার্থিতা বাতিল করতে পারেন। তাই প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতি কঠিন বার্তা, কেউ আইন ভঙ্গ করার চেষ্টা করবেন না।

পঞ্চম ধাপে যে ৩১ পৌরসভা ভোট হবে সেগুলো হচ্ছে :চট্টগ্রামের মিরসরাই, বারইয়ারহাট, রাঙ্গুনিয়া ও রাউজান; জামালপুরের সদর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর; রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর; ভোলা সদর ও চরফ্যাশন; চাঁদপুরের মতলব ও শাহরাস্তি; ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর; লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ সদর, বগুড়া সদর, মানিকগঞ্জের সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, যশোরের কেশবপুর, মাদারীপুর সদর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, জয়পুরহাট সদর, মাদারীপুরের শিবচর, ময়মনসিংহের নান্দাইল, যশোর সদর ও গাজীপুরের কালীগঞ্জ।

দেশে পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। করোনা ভাইরাস মহামারির মধ্যে এবার কয়েক ধাপে এসব পৌরসভায় নির্বাচন করছে কমিশন। প্রথম ধাপের তপশিলের ২৪টি পৌরসভায় গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়েছে; এরপর ১৬ জানুয়ারি ভোট হয়েছে দ্বিতীয় ধাপের ৬০ পৌরসভায়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৮ পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট হবে।

জাগপার নিবন্ধন বাতিল নিয়ে শুনানি : মঙ্গলবার নির্বাচন কমিশনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব বলেন, নিবন্ধনের শর্ত তারা পূরণ করতে পারেননি বলে স্বীকার করেন। তারা ইসিকে জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে এ সমস্যা হয়েছে। তারা শর্ত পূরণের জন্য কমিশনের কাছে এক বছরের সময় চেয়েছেন। জবাবে কমিশন থেকে তাদের বলা হয়েছে, এ বিষয়ে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।