দশমিনা উপজেলার ১০২ নম্বর মধ্য চরবোরহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন ঐ ইউনিয়নের চেয়ারম্যান মো. নজির আহম্মেদ সরদার। ‘বিদ্যালয়ের কক্ষ দখল করে ইউপি চেয়ারম্যানের বসবাস’ শিরোনামে দৈনিক ইত্তেফাক পত্রিকায় গত বৃহস্পতিবার একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঐ ইউপি চেয়ারম্যানকে দুই দিনের মধ্যে বিদ্যালয়ের দখল ছাড়ার জন্য নির্দেশ দিলেও এখনো তিনি বহাল তবিয়তে রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন। এ ঘটনায় এলাকায় শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মাসের ১৭ তারিখ শিক্ষা ও কল্যাণ শাখা পটুয়াখালী জেলার সহকারী কমিশনার মো. এরফান উদ্দিনের স্বাক্ষরিত এক পত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে এ বিষয়ে এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন জানান, চেয়ারম্যানকে দুই দিনের মধ্যে বিদ্যালয়ের দখল ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু চেয়ারম্যান এখনো দখল ছাড়েননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘চেয়ারম্যানকে বিদ্যালয়ের ভবন ছাড়ার জন্য দুই দিনের সময় দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ভবন না ছেড়ে আমার কাছে আরো দুই দিনের সময় চেয়েছেন।’
