ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করার দিন শেষ হয়ে আসছে -------- যুবলীগ চেয়ারম্যান

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০০:২০

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ব্যক্তিগত পকেট ভারী করা, আর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করার দিনও শেষ হয়ে আসছে। আমি যুবলীগ নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছি, আপনারা রাজনীতি করবেন সাধারণ, গরিব-দুঃখী ও অসহায় মানুষের জন্য। শুধু নিজ এবং নিজের পরিবারের জন্য ভাবলে হবে না, সমাজের সবার জন্য ভাবতে হবে, প্রতিবেশীদের জন্য ভাবতে হবে, ভাবতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য।

গতকাল মঙ্গলবার বিকালে যাত্রাবাড়ীর দনিয়া কলেজ মাঠে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ ফজলে শামস্ পরশ বলেন, আজকে সমগ্র বাংলাদেশে যুবলীগের নেতৃবৃন্দ গরিব-দুঃখী, অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। এটা ত্রাণ নয়, এটা উপহারস্বরূপ। তিনি উপস্থিত শীতার্ত মানুষকে উদ্দেশ করে বলেন, আপনাদের অধিকার আছে সম্মান পাওয়ার, আপনাদের অধিকার আছে এদেশের সম্পদের ওপর। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মো. রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, আনোয়ার হোসেন প্রমুখ।