এখনও তিনি অসাধারণ

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:১০

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

রূপালি পর্দার বাইরে ওটিটি দুনিয়ায় আজকাল বলিউড তারকাদের অভিষেক হচ্ছে। সময়ের প্রেক্ষাপটে এখন ডিজিটাল প্লাটফরম দর্শক বিনোদনের শক্তিশালী মাধ্যম হয়ে ওঠায় জনপ্রিয় তারকারা পেশাগত কারণেই হোক কিংবা নতুন কিছু করার তাগিদেই হোক সেদিকে ঝুঁকছেন। বলিউড অভিনেত্রী কাজলের অভিষেক হলো সম্প্রতি ওটিটি দুনিয়ায়। গত ১৫ জানুয়ারি জনপ্রিয় ডিজিটাল প্লাটফরম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ৪৬ বছর বয়সী এই অীভনেত্রীর নতুন সিনেমা ‘ত্রিভঙ্গ’। ৯৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে মূলত তিন প্রজন্মের তিনজন নারীর সম্পর্কের টানাপোড়েন, আবেগ, অনুভূতি ও আনন্দ বেদনা, পারিবারিক ও সামাজিক অবস্থানগত সংঘাত ইত্যাদিকে কেন্দ্র করে। ‘ত্রিভঙ্গ’ ছবিতে কাজল অভিনয় করেছেন একজন বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী অনুরাধার ভূমিকায়। যার মা একজন প্রখ্যাত লেখক। মায়ের সঙ্গে মেয়ের নানা বিষয়ে দ্বন্দ্ব সংঘাত একসময় চরম আকার ধারণ করে, নাটকীয়তা তুঙ্গে পৌঁছে। মায়ের জীবনমৃত্যুর সন্ধিক্ষণে মেয়ে তাদের সম্পর্ককে নতুনভাবে উপলব্ধি করে। পারিবাকি সেন্টিমেন্ট নির্ভর গল্প হলেও ‘ত্রিভঙ্গ’ ছবির গল্পের উপস্থাপনার নতুনত্ব দর্শক সমালোচকদের বিশেষভাবে আলোড়িত করেছে। ছবিটির পরিচালক একসময়ের জনপ্রিয় টিভি সিরিয়াল অভিনেত্রী রেনুকা সাহানে। তিনি প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মের জন্য নতুন কোনো সিনেমা নির্মাণ করলেন। ‘ত্রিভঙ্গ’ ছবিতে কাজলের সঙ্গে বাকি দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানভি আজমি ও মিথিলা পালকার। ১৯৯২ সালে বলিউডে ক্যারিয়ার শুরুর পর ইতিমধ্যে প্রায় তিন দশক পেরিয়ে গেছে কাজলের। দীর্ঘ সময়ের ফিল্মি ক্যারিয়ারে অনেক বেশি সিনেমায় অভিনয় না করলেও তিনি হিন্দি সিনেমা অঙ্গনে নিজের জন্য আলাদা একটি জায়গা করে নিতে পেরেছেন। জনপ্রিয়তার মধ্যগগনে থাকা অবস্থায় অভিনেতা অজয় দেবগনকে বিয়ের পর কাজল ক্রমেই গুটিয়ে নিয়েছেন; নিজেকে ঘর সংসার এবং অন্যান্য কাজে নিয়োজিত করেছেন বেশি। এর ফাঁকে মাঝে মধ্যে আচমকা তাকে রূপালি পর্দায় দেখা যায়। যা কাজল ভক্ত অনুরাগী দর্শকদের মনে অনাবিল প্রশান্তি ছড়িয়ে দেয়। এখন আর তিনি তরুণী বয়সে নেই। প্রায় মধ্যবয়সে পৌঁছে গেছেন। দুই ছেলে-মেয়ের মা হয়েছে। এই বয়সে আগের মতো দিলওয়ালে দুলহানিয়ার সিমরান কিংবা কুচ কুচ হোতা হ্যায়’র অঞ্জলি সাজা সম্ভব নয় তার পক্ষে। তবে বয়স অনুযায়ী মানানসই চরিত্রেই আজকাল তাকে দেখা যাচ্ছে বিভিন্ন সিনেমায়। গত বছর ‘তানহাজি’ ছবিতে স্বামী অজয় দেবগনের বিপরীতে ঐতিহাসিক এক নারী চরিত্রে কাজলকে দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে। ব্লকবাস্টার হিট এই সিনেমায় তার অনবদ্য অভিনয় উচ্ছ্বসিত প্রশংসা লাভ করেছে। এছাড়া গত বছর কাজলকে ১৩ মিনিট দৈর্ঘ্যের শট ফিল্ম ‘দেবী’তেও দেখা গেছে। এখানেও অসাধারণ অভিনয়ের চমক দেখিয়েছেন তিনি। অভিনয় ছাড়ার কোনো ইচ্ছা কিংবা পরিকল্পনা তার কোনো সময়েই ছিল না। তবে আগের মতো ফুলটাইম অভিনেত্রী হিসেবে নয়—পার্টটাইম অভিনেত্রী হিসেবে হঠাত্ হঠাত্ দর্শকদের সামনে উপস্থিত হয়ে দারুণভাবে চমকে দিচ্ছেন কাজল। এবার যেমন আলোড়ন সৃষ্টি করেছেন ‘ত্রিভঙ্গ’ ছবিতে অসাধারণ অভিনয়ের চমক দিয়ে। নেটফ্লিক্সের নতুন এ ছবিতে দর্শক তাকে ভিন্নভাবে আবিষ্কার করেছেন। সবাই তার এই অভিনয়ের কথা অনেকদিন মনে রাখবে সন্দেহ নেই। স্বামীর প্রযোজনা সংস্থা ও অন্যান্য ব্যবসা বাণিজ্যের দেখভালের পাশাপাশি নিজেকে কাজল খণ্ডকালীন অভিনেত্রী হিসেবে নিয়োজিত রাখতে চাইছেন।