৪০তম বিসিএসে রেকর্ড সংখ্যক আবেদন

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ০০:২২

৪০তম বিসিএসে রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেছেন। এখন পর্যন্ত ৩ লাখ ৮৯ হাজর ৫৩৩ জন প্রার্থী ফি জমা দিয়ে আবেদন নিশ্চিত করেছেন। ফি দেয়ার অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরও ৭৮ হাজার। অর্থাত্ এবার মোট আবেদনকারীর সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়িয়ে যেতে পারে। গতকাল বৃহস্পতিবার এই বিসিএসে আবেদনের শেষ দিন ছিল। এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, সরকারি চাকরির প্রতি আগ্রহ এবং পিএসসির প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন হওয়ায় আবেদনকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

এর আগে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। সেটাই ছিল বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদনের রেকর্ড। ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

গত ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এবারের পরীক্ষার মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিসিএসে আবেদন বাড়ার অন্যতম কারণ হলো দেশে শিক্ষিত তরুণেরা বেতন বৃদ্ধি পাওয়ায় সরকারি চাকরিকে এখন পর্যন্ত লোভনীয় মনে করছে। পাশাপাশি বর্তমান পিএসসির কার্যক্রমে এক ধরনের স্বচ্ছতা তৈরি হওয়ায় পরীক্ষার্থীদের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।