কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
কুয়াকাটায় সাগরে গোসল করতে গিয়ে সৈকতের বেলাভূমিতে লাফ দেওয়ার সময় গতকাল বুধবার দুপুরে এক পর্যটক মারা গেছেন। নিহতের নাম বাবলু (৩২)। তার বাড়ি ঝিনাইদহের গোবিন্দপুর উপজেলার ধোপাঘাটা মহল্লায়।
বাসযোগে বাবলুসহ ৫৫ জনের একটি দল গতকাল বুধবার সকালে কুয়াকাটায় পিকনিকে যায়। দুপুরে বাবলু তার ছেলে মাহিমসহ (১০) চার-পাঁচ জন সাগরে গোসল করছিলেন। এরই মধ্যে বাবলু বেলাভূমির সামনের দিকে ঘূর্ণিলাফ দিতে গিয়ে উলটে বালুতে পড়ে অচেতন হয়ে যান। দ্রুত কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিত্সক মাইনুল হাসান জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, কারো কোনো অভিযোগ নেই। তবে ঘটনাস্থলে উপস্থিত ক্যামেরাম্যানসহ সবার ধারণা, ঘাড় মটকে গুরুতর আহত হয়ে মারা গেছেন বাবলু।
