ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে লেনদেনও বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে এক হাজার ৪১২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে গতকাল ১২১ কোটি ৯৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮২৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে। গতকাল বুধবার ডিএসইতে মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, দর কমেছে ১৫৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯৭ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৯৯৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার।
