কুমিল্লায় মোহামেডান-সাইফ ম্যাচ আজ

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার

গত মৌসুমে কুমিল্লায় শহিদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে লিগের ম্যাচ খেলেছিল মোহামেডান। হারিয়েছিল শক্তিশালী বুসন্ধরা কিংসকে। সেই ম্যাচে মোহামেডান কুমিল্লার দর্শকের মন জয় করেছিল। আবার সেই কুমিল্লায় আজ লিগের ম্যাচে মাঠে নামবে। বেলা ৩টায় সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে খেলবে মোহামেডান।

গতবারের মতো এবারও কুমিল্লায় লিগের ভেন্যু করেছিল মোহামেডান ও বসুন্ধরা কিংস। সেবার এ দুই দলের ম্যাচ দেখতে উপচে পড়া দর্শক ছিল। একতলা গ্যালারিতে দুই পাশে দর্শক বসেছিল। বাইরেও দর্শক দেখা গেছে। এখানে নিয়মিত এ ধরনের খেলা হলে দর্শক আগ্রহটা আরো বাড়ত। এরই মধ্যে স্টেডিয়ামের গ্যালারি মোহামেডানের সাদাকালো ও বসুন্ধরা কিংসের লাল রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে। স্টেডিয়ামটি যেন নতুন সাজে সেজে উঠেছে। শীতের তীব্রতা বাড়লেও মোহামেডান ও সাইফ স্পোর্টিংয়ের খেলা উপভোগ্য হবে বলেই ধারণা দুই দলের। সাইফের গতিময় ফুটবল আঁচ করা গেছে ফেডারেশন কাপ ফুটবলে। ফাইনাল খেলে বসুন্ধরার কাছে হারলেও সাইফ স্পোর্টিং মাঠের লড়াইয়ে শক্তিধর দল। যারা অবেহলা করবে, তাদের ভুগতে হবে এ কথা নিশ্চিত।

মোহামেডান ফুটবল দল গতকাল সন্ধ্যায় মিটিং করেছে আজকের খেলা নিয়ে। সাইফ স্পোর্টিংকে কীভাবে থামিয়ে দেওয়া যায়, তা নিয়ে সভা করেছেন ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব, কোচ শন লেন। খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়াটা ভালো না হলে খেলাটা আদায় করে নিতে পারেন না কোচ। সবচেয়ে ভালো কথা হচ্ছে, মোহামেডান লিগে নিজের প্রথম ম্যাচে আরামবাগকে হারিয়ে ভালো মেজাজে রয়েছে। প্রথম জয়টা যে কোনো দলের জন্য বাড়তি শক্তি। মোহামেডানও সেই শক্তিটাকে কাজে লাগিয়ে আজ মাঠে নামবে।