চেলসিকে হারিয়ে শীর্ষে লেস্টার

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫৯

স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগে ঘরের মাঠে চেলসিকে ২-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষ স্থান দখল করেছে ব্রেন্ডন রজার্সের লেস্টার সিটি।

কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই চেলসি রক্ষণকে হতবাক করে দিয়ে ডিবক্সের বাইরে থেকে গোল করেন লেস্টার মিডফিল্ডার উইলফ্রেড এনদিদি। প্রথমার্ধের শেষদিকে আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জেমস ম্যাডিসন। এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছে লেস্টার।  গত আট ম্যাচের পাঁচটিতেই পরাজয়ের মুখ দেখা চেলসি ম্যানেজার ফ্র্যাংক ল্যাম্পার্ডের চাকরিচ্যুত হওয়ার রব উঠেছে। তবে  তেমন সম্ভাবনাকে কানে দিচ্ছেন না ল্যাম্পার্ড, ‘মানুষজনের প্রতিক্রিয়া কানে নিলে চলবে না আমার। যদি কানে নিই, তাহলে সারা দিন আমাকে এসব নিয়েই চিন্তা করতে হবে। আমিই একমাত্র ম্যানেজার না যাকে চাপে ফেলানো হয়েছে। তবে আমি চাপ সামলাতে পারি ভালোই।’

অন্যদিকে লেস্টার ম্যানেজার ব্রেন্ডন রজার্স ভাসছেন প্রশংসার স্তূতিতে। শীর্ষে ওঠার সঙ্গে সঙ্গেই কথা উঠছে লেস্টারের শিরোপা জেতার সম্ভাবনা নিয়েও। তবে এখনই শিরোপা নিয়ে চিন্তা করতে চাচ্ছেন না রজার্স, ‘আমি আসলে শিরোপা নিয়ে চিন্তা করি না। পুরো মৌসুম ধরেই আমরা টেবিলের শীর্ষে পরিবর্তন দেখছি।’