জঙ্গি-সন্ত্রাসের মতো মাদকের বিরুদ্ধেও জয়ী হতে হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২২:৫৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, মাদক সামাজিক ব্যাধি। এটি নিজের জীবনের সঙ্গে একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। মাদকের গতি রোধ করা না হলে দেশের উন্নয়ন যাত্রা থমকে যেতে পারে। তাই জঙ্গিবাদ-সন্ত্রাসের মতো মাদকের বিরুদ্ধেও আমাদের জয়ী হতে হবে।

কক্সবাজার রিজিয়ন বিজিবি সদর দপ্তর মাঠে ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে ইয়াবাসহ ৫৩৫ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করে বিজিবি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমস্যা নয়। এটা জাতীয় সমস্যা। এক জন মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। ঐ মাদকসেবীর কারণে ঐ পরিবারটি সমাজের কোথাও মাথা তুলে দাঁড়াতে পারে না। আমরা যদি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই, তবে সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জয়ী হয়েছি। মাদকের বিরুদ্ধেও যথাযথ পদক্ষেপ নিচ্ছি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির কাজ চলছে। এখনই সময় একযোগে মাদক প্রতিরোধে কাজ করা।

বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক                 বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক খায়রুল কবির প্রমুখ। অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, কানিজ ফাতেমা মোস্তাক এমপি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ বছরে ১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৬২৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৫৩৩ কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। এছাড়া ৫ হাজার ৭৯৯টি মদের বোতল, ৩৩ হাজার ৫৫৫ ক্যান বিয়ার, ১ হাজার ৭৩৬ লিটার বাংলা চোলাই মদ ও ১৫ কেজি ৭৩২ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়।

কক্সবাজারের নতুন থানা ঈদগাঁও

এদিকে জেলার সদর উপজেলার ঈদগাঁও এলাকাকে আলাদা থানা ঘোষণা করা হয়েছে। ঈদগাঁওয়ের পাঁচ ইউনিয়নে প্রায় দেড় লাখ মানুষের বাস। গতকাল বিকালে স্থানীয় ইসলামাবাদ তেঁতুলতলীর ডুলাফকির বাজারের পুলিশ তদন্তকেন্দ্রের ভবনে ফলক উন্মোচনের মাধ্যমে জেলার নবম এই থানা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।