চৌমুহনীতে হাত-পায়ের রগ কেটে যুবক হত্যা

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২২:৫৪

চৌমুহনী শহরে মাজহারুল ইসলাম দুর্জয় (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার চৌমুহনী পৌরসভার কন্ট্রেক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে নোয়াখালী হাসপাতালে তার মৃত্যু হয়। মাজহারুল ইসলাম দুর্জয় চৌমুহনী পৌরসভা উত্তর নাজিরপুর গ্রামের মো. মানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধুসহ দুর্জয় চৌমুহনী পৌরসভার কন্ট্রেক্টর মসজিদ এলাকায় হাঁটছিল। এ সময় মোটরসাইকেলে অজ্ঞাত অস্ত্রধারী কয়েক জন যুবক তাদের ধাওয়া করে। অস্ত্রধারীদের ধাওয়ায় অপর তিন জন পাশের একটি বাড়িতে গিয়ে            আশ্রয় নিলেও তাদের হাতে ধরা পড়ে দুর্জয়। অস্ত্রধারীরা তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নিহত যুবকের পরিবার সূত্রে জানা যায়, দুর্জয় প্রতিদিনের মতো কাজ থেকে ফেরার পথে কিছু লোক তার পথরোধ করে হাত ও পায়ের রগ কেটে দেয়। অধিক রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটেছে। নিহত দুর্জয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ঐ মামলায় দুর্জয় দীর্ঘদিন কারাগারে ছিল বলেও জানান ওসি।