রাজধানীর দয়াগঞ্জ মোড়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসডিসসি) ময়লার গাড়ির ধাক্কায় খালিদ (৫৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) টেলিফোন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বুধবার বেলা দুইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ঘাতক গাড়ি ও এর চালককে আটক করেছে পুলিশ। এদিকে কামরাঙ্গীরচর সিকশন বেড়িবাঁধে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রশিদ (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি মিরপুরে একটি কোম্পানিতে চাকরি করতেন। বাড়ি শরিয়তপুর জাজিরা উপজেলার মৃধাকান্দী গ্রামে। কামরাঙ্গীরচর থানার এসআই মো. আব্দুর রব জানান, পিকআপসহ চালক রাকিবকে আটক করা হয়েছে।
নিহত খালিদের ভাগিনা মো. আলী জানান, ওয়ারী বনগ্রাম এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে খালিদ ২ ছেলে ২ মেয়ে নিয়ে ডেমরা সারুলিয়া বড়ভাঙা চৌরাস্তা এলাকায় থাকতেন। ৩ দশকের বেশি সময় ধরে তিনি বাসসের টেলিফোন অপারেটর হিসেবে চাকরি করেছেন। গেন্ডারিয়া থানার উপ পরিদশর্ক (এসআই) এনায়েত করিম জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দয়াগঞ্জ মোড় সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে পথচারীরা তাকে সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
