মোহিত কামালের লুইপা’র কালসাপের অনন্যতা

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৯:৪৬

 

কথাসাহিত্যিক মোহিত কামালের ‘‘লুইপা’র কালসাপ’’ প্রথাগত আঙ্গিক ছেড়ে নতুন এক ঢংয়ে রচিত উপন্যাস। বিষয় হিসেবে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদকে এনেছেন তিনি। এমন প্রাচীন বিষয় নিয়ে খুব বেশি উপন্যাস রচিত হয়নি। ঔপন্যাসিক মোহিত কামাল যে সাহস দেখিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

চর্যাপদের বিষয় ও সমাজচিত্রকে স্বাতী ও ময়ূরীর মাধ্যমে চর্যাপদের গীতিকবিদের সাথে ভাব ও সংলাপের মাধ্যমে এবং এর আবিষ্কারক,  সমালোচকদের দৃষ্টিতে কাহিনি সৃষ্টি করেছেন লেখক। আখ্যান কেন্দ্রীয় চরিত্র স্বাতী ও ময়ূরীর মাধ্যমে তুলে ধরলেও এর মূল আকর্ষণ চর্যাপদের গীতিকবিগণ। ১৬ পর্বের এই উপন্যাসের প্রতিটি পর্বকে গল্প বললেও ভুল হবে না। আবার এ উপন্যাসে কবিতাও যোগ করা হয়েছে। তাতে এটিকে কাব্যোপন্যাসও বলা চলে। নাটকের মনোজাগতিক চিন্তা এটিকে অনেক বেশি ভাবার্থক করে তুলেছে। সম্পূর্ণ উপন্যাস জুড়েই সেই আদিকালের সমাজভাবনা, নারীদের জীবনচিত্র এবং পুরুষের মনের কামভাব তুলে ধরলেও এর কয়েকটি পর্ব বেশ আকর্ষণ করে। যেমন লুইপা-কথন, লুইপার কালসাপ, ও মেয়ে! তুই কাঁদিস কেন একা, বুকের মধ্যে দিয়ে ছুটছে হরিণ, অশান্ত মনে বিষধর সাপের কামড়, দেহ হচ্ছে শরীর নৌকা, খাঁটি মন তার দাঁড় ইত্যাদি।

চর্যাপদের ঘোরলাগা ভাষার মতোই উপন্যাসের ভাষা পাঠকমনকে আলোড়িত করে। চর্যাপদের বিষয় ও ভাষার সাথে একালের ভাবনাকে ফুটিয়ে তুলেছেন মোহিত কামাল। তবে চর্যাপদ গীতির আঙ্গিকে লেখা এই উপন্যাস বর্ণনাত্মক কথোপকথনে। এ উপন্যাসে সাহিত্যের সকল আঙ্গিকের মিশ্রণ ঘটেছে।

সাহিত্যে যুগে যুগে নতুনের আবির্ভাব ঘটে—ঔপন্যাসিক মোহিত কামালের মাধ্যমে সেই চিত্র পাঠকের সামনে এসেছে প্রাচীন বিষয়কে আশ্রয় করে। রূপকের আড়ালে গীতিকবিগণ চর্যাপদে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। এখানে সেগুলোই বর্ণনা ও ব্যাখ্যা রূপ পেয়েছে। এককথায় সহজভাবে চর্যাপদকে বুঝতে এই বইটি সহায়ক।

চর্যাগীতির রচনাকাল ৭ম-৮ম থেকে দ্বাদশ সাল পর্যন্ত ধরা হয়। তখনকার আলো-আঁধারি চিরায়ত যুগ, জীবনদর্শন, মনঃস্তত্ত্ব এবং বর্তমান যুগের প্রযুক্তিনির্ভর জীবন-আখ্যান “লুইপা’র কালসাপ’’ উপন্যাস। আদি ও বর্তমানকালের সমাজ ও মনঃস্তাত্ত্বিক তুলনামূলক উপাখ্যানই এ উপন্যাসের আলোচ্য বিষয়। আর এই দুই কালের মধ্যে কী মিল ও অমিল তা উঠে এসেছে স্বাতী ও ময়ূরীর চর্যাপদ নিয়ে ভাবনার প্রতিফলনে।

‘‘লুইপা’র কালসাপ”-এর লুইপা শব্দটা মনে পড়লেই মনে আসে হাজার বছর আগেকার সেই চর্যাপদকার লুইপার কথা। সাথে সাথে চর্যাপদ এবং চর্যাপদের সমাজচিত্র। সে সমাজে নারীদের জীবনে কালসাপ ছিল নারীর শরীর, তার শরীরের গড়ন। ব্রাহ্মণরা দিনের আলোতে ডোমনি নারীদের কাছে না আসতে পারলেও রাতের আঁধারে ডোমনির ঘরে আসত। ব্রাহ্মণরা মনে করে রাতের আঁধারে কেউ দেখবে না।

মূলত আখ্যানে বর্ণিত হয়েছে চর্যাপদের সমাজ ও মানুষের চিত্র। এর ভাষা ও শব্দচয়ন, বাক্যগঠন পাঠকের মনকে নাড়া দেবে নিশ্চিত। উপন্যাসটির বহুল প্রচার কাম্য।

লুইপা’র কালসাপ

লেখক :মোহিত কামাল

প্রচ্ছদ :ধ্রুব এষ

প্রকাশক :বিদ্যাপ্রকাশ

দাম : ২৫০ টাকা