দেশীয় চলচ্চিত্রের পাশপাশি ওপার বাংলার ছবিতেও নিয়মিত কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয় মুন্সিয়ানায় শুধু দেশের দর্শকদের নয়, ওপার বাংলায়ও বেশ প্রশংসিত তিনি। একের পর এক ব্যবসাসফল ছবি ও পুরস্কার ভারি করছে তার সফলতার ঝুড়ি। এরই ধারাবাহিকতায় এবার নতুন খবরে শিরোনামে এলেন তিনি। নতুন বছরে শুরু করছেন কলকাতার ছবি দিয়ে। কলকাতার নির্মাতা সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ শিরোনামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এই খবরটি নিজের ফেসবুকে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।
জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে। সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার এই ছবিতে অভিনয়ের জন্য এ মাসেই কলকাতা যাবেন জয়া আহসান। ছবিটিতে জয়া ছাড়া আরো অভিনয় করবেন অনসূয়া মজুমদার, কৌশিক সেন, কনিকা বন্দোপ্যাধায়সহ অনেকে। উল্লেখ্য, নির্মাতা সৌকর্য ঘোষালের সঙ্গে জয়ার এটাই প্রথম কাজ নয়। এর আগে তিনি ‘ভূতপরী’ শিরোনামের একটি ছবিতে সৌকর্যের পরিচালনায় কাজ করেছেন। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। সম্পাদনার টেবিলের কাজ শেষ হলে শিগগিরই ছবিটি পর্দায় দেখা যাবে। এছাড়া তিনি জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত ‘নকশি কাঁথার জমিন’ নামের একটি দেশীয় ছবির শুটিংও সম্প্রতি শেষ করেছেন।
