দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং সার্বিক উন্নয়ন-সাধনের জন্য একাগ্রে কাজ করছে প্রেরণা ফাউন্ডেশন। সমাজের দারিদ্র্যপীড়িত এবং প্রান্তিক জনগোষ্ঠীকে দেশের মূলধারার অর্থনীতিতে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে প্রেরণা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ‘আমরা শিখি, আমরা পারি’ শীর্ষক একটি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্প্রতি প্রেরণা ফাউন্ডেশন এবং দ্য ওয়েস্টিন ঢাকা যৌথভাবে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় ‘আমরা শিখি, আমরা পারি’ শীর্ষক কার্যক্রমের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত সমাজের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিজ হাতে প্রস্তুতকৃত ফেইস মাস্ক ‘প্রেরণা মাস্ক’ এখন থেকে সরাসরি ক্রয় করা যাবে দ্য ওয়েস্টিন ঢাকা থেকে। দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার ড্যানিয়েল মুহর এবং প্রেরণা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল আমিন নিজ নিজ সংস্থার পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন। ওয়েস্টিন ঢাকা এবং প্রেরণা ফাউন্ডেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
