নকলা পৌরসভা নির্বাচন

প্রচার-প্রচারণা ও জনসংযোগে ব্যস্ত মেয়র প্রার্থীরা

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৩১

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য নকলা পৌরসভার নির্বাচনি প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। আওয়ামী লীগের পক্ষে মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র হাফিজুর রহমান দিনরাত প্রচারণায় ব্যস্ত রয়েছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী এনামুল হক রিপন ধানের শীষ প্রতীক নিয়ে সাধ্যমত প্রচারণা চালাচ্ছেন। জেলা আওয়ামী লীগের সদস্য নকলা পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মিজানুর রহমান নারিকেল গাছ প্রতীক এবং পৌর আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনার জগ প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে লড়ছেন। ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

প্রার্থীদের প্রচার-প্রচারণায় পৌরশহর এখন জাঁকজমক হয়ে উঠেছে। পোস্টার, লিফলেট ব্যানারে ছেয়ে গেছে সমগ্র পৌরসভা। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার তারেক আজিজ জানান, নকলা পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ১৬০ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার আট জন ও নারী ভোটার ১৪ হাজার ১৫২ জন। ৯টি ওয়ার্ডে ১২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

ভূঞাপুরে একই ওয়ার্ডে

দুই ভাইয়ের লড়াই

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আপন দুই ভাই লড়ছেন দুই প্রতীকে। এতে খন্দকার জাহিদ হাসান পানির বোতল এবং তার ছোট ভাই খন্দকার জসিম উদ্দিন স্ক্রু ড্রাইভার প্রতীকে লড়ছেন। তবে ওয়ার্ড জুড়ে কাউন্সিলর প্রার্থী জসিমের কোনো পোস্টার বা প্রচারণা দেখা যায়নি। এই ওয়ার্ডে চার জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে বর্তমান কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান পানির বোতল প্রতীকে, জাহিদের ছোট ভাই খন্দকার জসিম উদ্দিন স্ক্রু ড্রাইভার, রেজাউল হক কাজল পাঞ্জবি ও জীবন তালুকদার বাচ্চু উটপাখি প্রতীকে নির্বাচন করছেন। আগামী ৩০ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।