টিকার সাফল্যে বিএনপি উদ্ভ্রান্ত ——তথ্যমন্ত্রী

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৫৬

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা ভাইরাসের টিকা যথাসময়ে বাংলাদেশে আসায় বিএনপি উদ্ভ্রান্তের মতো প্রলাপ বকছে। করোনা ভাইরাস মহামারির মধ্যে ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ টিকার চালান বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছেছে। তার আগের দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে অভিযোগ করেন টিকা নিয়ে সরকার লুটপাট শুরু করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুলের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, করোনার টিকা চলে এসেছে। উপহার হিসেবে ভারত সরকার আমাদেরকে দিয়েছে, এজন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ সম্পাদক ফোরাম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী আরো বলেন, ছাপানো সংবাদপত্রগুলো তাদের নথিপত্রে প্রচার সংখ্যার যে খতিয়ান দেয়, তার সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাওয়া যায় না। সংবাদপত্রের প্রচার সংখ্যা সঠিকভাবে নিরূপণে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তদন্ত ছাড়াও সরকারি অন্য সংস্থাকে নিয়ে তদন্ত করানো হবে।