গলে প্রথম টেস্টে স্পিন স্বর্গ উইকেটেও নিজের ছাপ রাখেন স্টুয়ার্ট ব্রড। দুই ইনিংসে ২৬ ওভার বল করে নিয়েছেন ৩ উইকেট, রান দিয়েছেন ১.৩০ ইকোনমিতে। এমন পারফরম্যান্সে সামনে ভারত সফরেও বজায় রাখবেন এই পেসার। সেই প্রত্যাশাতেই দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দিয়ে আরেক অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনকে খেলাবে ইংল্যান্ড।
সফরের শেষ ম্যাচ একাদশে আজ এই এক পরিবর্তন নিয়েই মাঠে নামবে ইংলিশরা। অপরদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া শ্রীলঙ্কা বাদ দিয়েছে অফ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে। ইনজুরির কারণে আগেই সিরিজ থেকে ছিটকে গেছে নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নে। তাই এ ম্যাচেও নেতৃত্ব বাটন থাকছে দীনেশ চান্দিমালের হাতেই। তাছাড়া দলে ফিরেছেন পেসার সুরঙ্গা লাকমাল।
ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে টানা পাঁচ টেস্ট হারের মুখে শ্রীলঙ্কা। দুর্গের শহর গল ক্রিকেটেও লঙ্কার দুর্গ হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিককালের পারফরম্যান্সে সেই মর্যাদা হারানোর পথে তারা। এখানে শেষ ৫ ম্যাচের তিনটিতেই হারে দলটি, যেখানে প্রথম ২৯ ম্যাচে হার মাত্র ছয়টিতে। গলে সেই ‘অপ্রতিরোধ্য’ থাকার ধারাটা ফিরিয়ে আনতে এই টেস্টে দারুণ কিছু করা ছাড়া উপায় নেই লঙ্কানদের।
তবু আত্মবিশ্বাসের পাল্লাটা ভারী ইংলিশদের দিকেই। অধিনায়ক জো রুটের ডাবল সেঞ্চুরি ও স্পিন যুগল ডম বেস-জ্যাক লিচের দৃঢ়তায় প্রথম টেস্টে ৭ উইকেটের জয় পায় তারা। সেই ফরম ধরে রেখেই ভারতে পা রাখার প্রত্যাশা রুটের।
