প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার ঘোষণায় যুক্তরাষ্ট্রকে অভিনন্দন বাংলাদেশের

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০০:৪৮

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার জন্য নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়। এখন পর্যন্ত ১৮৯টি দেশ এই চুক্তির অন্তর্ভুক্ত। সদ্য বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে গুরুত্বপূর্ণ এই জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। কিন্তু ক্ষমতায় এসেই এই চুক্তিতে ফের যোগ দেওয়ার ঘোষণা করেছেন বাইডেন। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন, পরিবেশ নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাইমেট ভালনারবেল ফোরামের (সিভিএফ) এবং ভালনারেবল টুয়েন্টি গ্রুপের সভাপতি হিসেবে বাংলাদেশ আশা করে চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসার মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে অন্যান্য শীর্ষস্থানীয় দেশ উত্সাহিত হবে।