মেয়ের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারপতির জিডি

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০১:০৭

মেয়ের বিরুদ্ধে জিডি দায়ের করেছেন এক অবসরপ্রাপ্ত বিচারপতি। গত মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগ থানায় এই জিডি দায়ের করেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামছুল হুদা। জিডিতে আসামি করা হয়েছে তার মেয়ে তুহিন সুলতানা ও আইপি টেলিভিশন মজার টিভির প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা মাহসান স্বপ্নকে। গতকাল রাতে এই জিডি দায়েরের কথা স্বীকার করেছেন শাহবাগ থানার ওসি মামুনুর রশিদ।

জিডিতে উল্লেখ করা অভিযোগের তথ্য দিয়ে শাহবাগ থানার ওসি বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতির বাসা সেগুনবাগিচায়। তিনি অভিযোগ করেছেন যে তার মেয়ে তুহিন সুলতানা খারাপ হয়ে গেছে। এক ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। ঐ ছেলেকে তার মেয়ে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করে। এরপর তুহিন সুলতানা তার (বিচারপতি) স্ত্রীর মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহার করে বিভিন্ন জনের কাছে টাকাপয়সা দাবি করে। তুহিন সুলতানা ধানমন্ডির বিভিন্ন রাস্তায় ভিক্ষুকবেশে ঘুরে বেরিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি এসংক্রান্ত একটি ভিডিও ফুটেজ মজার টিভিতে প্রচার করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।