কোপা দেল রে-তে গোলশূন্য ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে উসমান ডেম্বেলে ও মার্টিন ব্রেথওয়েটের গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। তৃতীয় সারির দল করনিয়ার বিপক্ষে পাওয়া এই জয়ে স্প্যানিশ লিগ কাপের শেষ ষোলোতে পদার্পণ করেছে রোনাল্ড কোম্যানের দল। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে বাইরে ছিলেন দলীয় অধিনায়ক লিওনেল মেসি। আগের পর্বে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সোরগোল তুলে দিয়েছিল স্প্যানিশ তৃতীয় ডিভিশনের দল করনিয়া। নির্ধারিত সময়ে দুই দুইবার পেনাল্টি খোয়ালেও গোলরক্ষক রামন হুয়ানের কতৃত্বে ম্যাচে থাকে করনিয়া। নির্ধারিত সময় গোলশূন্য অবস্থায় শেষ হলে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় ম্যাচ। এই অতিরিক্ত সময়ের শুরুতেই দূরপাল্লার এক শটে হুয়ানকে পরাস্থ করেন বার্সেলোনা উইঙ্গার ডেম্বেলে। ১২০ মিনিটের সঙ্গে দেওয়া ইনজুরি সময়ে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন মার্টিন ব্রেথওয়েট।
