বৃদ্ধাকে নির্যাতন
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মালিবাগের একটি বাসায় সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় গৃহকর্মী রেখা আক্তার ও তার স্বামী এরশাদকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সকালে তাদের ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনের শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল করীম বলেন, আসামি রেখা মামলার বাদী মেহেবুবার বাসায় দীর্ঘদিন ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। আসামি রেখা ও তার স্বামী পরিকল্পনা করে বাসা ফাঁকা থাকার সুবাদে গত ১৮ জানুয়ারি সকালে বাদীর মা বিলকিস বেগমকে হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখম করে। এ সময় ২৪ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা এবং একটি টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এ মামলার ঘটনা অত্যন্ত লোমহর্ষক ও চাঞ্চল্যকর। মামলার ভিকটিম বিলকিস বেগম (৭৫) গুরুতর অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। রেজাউল আবেদনে আরো বলেন, ?আসামিদের কাছ থেকে আংশিক চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত ও ভাইরাল হয়। মামলার সুষ্ঠু তদন্ত, অবশিষ্ট চোরাই মালামাল উদ্ধার এবং মামলার মূল রহস্য উদ্ঘাটন ও সংঘবদ্ধ চোরদলের সদস্যদের ধরতে অভিযান পরিচালনার জন্য আসামিদের ১০ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। রেখা পুলিশকে জানিয়েছে যে, বৃদ্ধার ফ্ল্যাট থেকে চুরি করা টাকার মধ্যে ১ লাখের বেশি খরচ করে ফেলেছে। পুলিশ তার কাছ থেকে উদ্ধার করেছে ৬০ হাজার টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন।
