জাতীয় ঐক্যফ্রন্টের শরিক সকল দল আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ মার্কায় নির্বাচন করবে। গতকাল সোমবার দুপুরে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে ফ্রন্ট নেতাদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে। এরপর বিকালে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে ঐক্যফ্রন্টের চার সদস্যের একটি প্রতিনিধি দল গিয়ে চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্তের কথা জানায়।
ড. কামালের চেম্বারে বৈঠক শেষে ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, “আজকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা যতগুলো দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট করেছি, আমরা সকলে একটি কমন প্রতীকে নির্বাচন করব। সেই কমন প্রতীক হবে ধানের শীষ।” উল্লেখ্য, বিএনপিসহ কয়েকটি নিবন্ধিত-অনিবন্ধিত দল নিয়ে গত ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে সাত দফা দাবি ও ১১টি লক্ষ্যের ভিত্তিতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনার বিষয়ে জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, সরকারের উসকানির কারণে এই ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনে গিয়ে আওয়ামী লীগের এইচ টি ইমাম বলেছেন এক ঘণ্টার জন্যও নির্বাচন পেছানো যাবে না, তার এই মন্তব্য সম্পর্কে মান্না বলেন, এই মন্তব্য নির্বাচন কমিশনের ওপর এক রকম হুমকি। এভাবে হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। যত বাধা বিপত্তিই আসুক ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে জানিয়ে তিনি বলেন, সরকার চাচ্ছে ঐক্যফ্রন্ট যেন নির্বাচনে না আসে। তবে যত বাধা বিপত্তিই হোক ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে। ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবিও অব্যাহত থাকবে বলে জানান মান্না।
ঐক্যফ্রন্টভুক্ত দলগুলো ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করবে- এই সিদ্ধান্তের কথা জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার পর সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি ঐক্যফ্রন্টভুক্ত দলগুলো যার যার দল থেকে নির্বাচন করবে এবং প্রতীক হিসেবে ‘ধানের শীষ’ ব্যবহার করবে। তিনি আরও বলেন, এর আগে গণফোরাম দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’ প্রতীকে নির্বাচন করার বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে এখন আমরা ‘ধানের শীষ’ প্রতীকে ভোট করবো। এ বিষয়টিই নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।
প্রসঙ্গ, জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপিসহ নিবন্ধিত দল রয়েছে চারটি। এরমধ্যে আ স ম আবদুর রবের জেএসডি ‘ধানের শীষ’ প্রতীকে ভোট করার বিষয়টি নির্বাচন কমিশনকে আগেই অবহিত করেছে। কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ তাদের দলীয় প্রতীক ‘গামছা’ ও জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত প্রতীকে অংশ নেবে বলে জানিয়েছিল। এখন তারাও ‘ধানের শীষ’ প্রতীকে অংশ নেবে। এছাড়া মাহমুদুর রহমান মান্নার ‘নাগরিক ঐক্য’ ও ড. আ ব ম মোস্তাফা আমীনের ফরোয়ার্ড পার্টি ঐক্যফ্রন্টের শরিক হলেও এই দল দুটি নির্বাচন কমিশনের নিবন্ধিত নয়।
