সিলেট অফিস
সিলেটের লাক্কাতুরা চা-বাগান এলাকায় ২০০৭ সালে নির্মাণ করা হয়েছিল স্টেডিয়াম। ২০১১ সালে যেটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়। দেশে প্রথমবার গ্রিন গ্যালারি, চা-বাগান, উঁচুনিচু টিলায় ঘেরা এই স্টেডিয়ামের সৌন্দর্য প্রশংসা কুড়িয়েছে দেশি-বিদেশি ক্রীড়া অনুরাগীদের।
এবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই তিন একর জমিতে নতুন আরেকটি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। যার কাজ শুরু হয় ২০১৭ সালে। ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই কমপ্লেক্স। এটি প্রথমে ছিল আউটার স্টেডিয়াম। এখন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের সব সুযোগ-সুবিধা থাকায় নতুন স্টেডিয়ামকে সিলেট ক্রিকেট গ্রাউন্ডস-২ নামকরণ করা হয়েছে। কমপ্লেক্সের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
