‘বুড়ো’ অ্যান্ডারসনের ঝলক

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২১:৫৪

স্পোর্টস ডেস্ক

গতির ধার কমলেও সুইংটা রয়েছে আগের মতোই ! সেই ভরসাতেই ৩৮ বছর বয়সেও ঝলক দেখাচ্ছেন জেমস অ্যান্ডারসন। লাইন-লেন্থে দুর্দান্ত ভারসাম্য রেখে বুড়ো বয়সেই এশিয়ার মাটিতে ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিলেন এই পেসার। ৪০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। তার ঝলমলে দিনে গল টেস্টে শ্রিলঙ্কার বিপক্ষে ২৮৩ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। ২ উইকেটে ৯৮ রান নিয়ে ব্যাট করছেন জো রুট (৬৭) ও জনি বেয়ারস্টো (২৪)।

গতকাল ৪ উইকেটে ২২৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে লঙ্কানরা অপরাজিত থাকা সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথুসকে (১১০) শুরুতেই ফিরিয়ে দেন অ্যান্ডারসন।  তিন উইকেট নিয়ে প্রথম দিন ছিলেন দলের সেরা বোলার, দ্বিতীয় দিনেও সেটায় বজায় রাখেন তিনি। নিরোশান ডিকভেলাকে পঞ্চম শিকার বানিয়ে অনন্য কীর্তিতে পেছনে ফেলেন গ্লেন ম্যাকগ্রাকে (২৯)। টেস্টে ৩০টি ফাইফার নিয়ে পেসারদের তালিকায় কিংবদন্তি রিচার্ড হ্যাডলির (৩৬) পরেই আছেন এই পেসার। 

অ্যান্ডারসনের আগুনের বোলিংয়ের পরও গল টেস্টে শক্ত পুঁজিই গড়েছে শ্রীলঙ্কা। ম্যাথিউসের বিদায়ের পর ডিকভেলা (৯২) ও দিলরুয়ান পেরেরার ফিফটির (৬৭) সুবাদে ৩৮১ রানে অলআউট হয় স্বাগতিকরা। ইংলিশদের হয়ে মার্ক উড নেন ৩ উইকেট ও বাকি একটি নেন স্যাম কারান। টানা দ্বিতীয় দিন উইকেট শূন্য থাকেন দুই স্পিনার জ্যাক লিচ ও ডম বেস।