শরণখোলায় ১৯ হরিণের চামড়াসহ আটক ২

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:০৮

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় বাঘের চামড়া উদ্ধারের চার দিন পর একই এলাকা থেকে ১৯টি হরিণের চামড়াসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার ভোর রাতে শরণখোলা উপজেলার রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ডের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ এই  চামড়া উদ্ধার করে। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের এসআই গাজী ইকবাল হোসেন জানান, চামড়া বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজৈর বাসস্ট্যান্ডসংলগ্ন মনিরুল ইসলামের বসতঘরের পাটাতন থেকে ১৯টি হরিণের চামড়া উদ্ধার এবং দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মো. ইলিয়াস হাওলাদার ও বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের মো. মনিরুল ইসলাম শেখ। ইলিয়াস হাওলাদারের বাবা মতিন কাজী দীর্ঘদিন ধরে সুন্দরবনের বন্যপ্রাণীর চামড়া, মাথাসহ দেহের অঙ্গপ্রত্যঙ্গের ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় বন বিভাগ ও শরণখোলা থানায় একাধিক মামলা হয় এবং কয়েক বার হাজতবাসও করে। এর আগে গত ১৯ জানুয়ারি রাতে একই এলাকা থেকে র্যাব-৮ ও বন বিভাগ অভিযান চালিয়ে একটি বাঘের চামড়াসহ এক পাচারকারীকে আটক করে। হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় মামলা করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।