ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের প্রভাবে দেশের ব্যবসাবাণিজ্য ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। ব্যবসায়ীদের প্রভাবশালী সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মনে করছে, আগামী বছরও ব্যবসায়ীদের এ ক্ষতি মোকাবিলা করতে হবে। এ পরিস্থিতিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য ভ্যাট বা মূল্য সংযোজন কর মওকুফের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান, ডিসিসিআইর নবনির্বাচিত সভাপতি রিজওয়ান রাহমান। তিনি বলেন, যুক্তরাজ্য সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য ভ্যাট মওকুফ করেছে। বাংলাদেশও ঐ মডেল অনুসরণ করতে পারে। এছাড়া বার্ষিক বিক্রয় মূল্যের (টার্নওভার) পরিবর্তে সংযোজিত মূল্য বা মুনাফায় ভ্যাট ধার্য করা এবং আগামী তিন বছরে কোম্পানির আয়কর হার ধাপে ধাপে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিও জানান তিনি। রাজধানীর মতিঝিলে ডিসিসিআইর অফিসে আয়োজিত ঐ সংবাদ সম্মেলনে দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে বেশকিছু দাবি ও পরামর্শ তুলে ধরা হয়।
এ সময় ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য ঋণ বিতরণ প্রক্রিয়া আরো সহজ করার দাবি জানিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজে ঋণ পাওয়ার লক্ষ্যে তারা কাজ করবেন। তিনি আগামীতে এ প্রণোদনার ঋণ আরো দ্রুতগতিতে উদ্যোক্তাদের মাঝে বিতরণের ওপর জোর দেন। প্রণোদনা প্যাকেজের ৫৪ শতাংশ ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। দেশের কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে একটি বিশেষ ব্যাংক অথবা ‘এসএমই বন্ড’ প্রবর্তন প্রস্তাব করে তিনি কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র (সিএমএসএমই) শিল্পকে মাঝারি ও বৃহত্ শিল্পের সংজ্ঞায়নে আলাদা করার প্রস্তাব করেন। তিনি বলেন, এটি নিশ্চিত করা গেলে যার মাধ্যমে কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পের সার্বিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়াও দেশের এসএমই খাতের সার্বিক উন্নয়নে এসএমই নীতিমালার পরিবর্তে ‘এসএমই ডেভেলপমেন্ট আইন’ প্রবতর্নেরও প্রস্তাব করেন।
রিজওয়ান রাহমান বলেন, ‘করোনার কারণে বিশ্বব্যাপী বৈদেশিক বিনিয়োগ কমেছে প্রায় ৫০ শতাংশ। এমতাবস্থায় স্থানীয় বিনিয়োগ উত্সাহিত করতে বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য প্রদত্ত সুবিধা স্থানীয়দেরও দেওয়ার প্রস্তাব করেন। একই সঙ্গে রপ্তানি পণ্য বহুমুখীকরণে উদ্যোগী হওয়ার ওপর গুরুত্ব দেন।
এলডিসি হতে উত্তরণের পর বাংলাদেশ বিদ্যমান বেশকিছু সুযোগ-সুবিধা হারাবে। এ অবস্থায় বাংলাদেশকে প্রদত্ত সুযোগ-সুবিধা প্রদানের সময়সীমা বাড়ানোর দাবি উত্থাপন করা যেতে পারে বলে মত দেন তিনি। সংবাদ সম্মেলনে ডিসিসিআইর সিনিয়র সহসভাপতি এন কে এ মবিন, সহসভাপতি মনোয়ার হোসেন, পরিচালক মো. শাহিদ হোসেন, গোলাম জিলানী, হোসেন এ সিকদার এবং নাসিরউদ্দিন এ ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
