সেন্টমার্টিন এলাকায় ট্রলার ডুবিতে নিহত ৪, নিখোঁজ ৯

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:৪৩

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের ৩৫ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে মাছ শিকারী ট্রলার ডুবির ঘটনায় কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযান চালিয়ে চার জনের মৃতদেহ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত ৯ জন নিখোঁজ রয়েছে।

২৩ জানুয়ারি ভোর ৫টার দিকে টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ৩৫ নটিক্যাল মাইল অদূরে উত্তর-পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে ২৬ জন মাঝিমাল্লাসহ মাছ শিকারী একটি ট্রলার মাছ ধরার সময় অসাবধানতাবশত ডুবে যায়। এই দুর্ঘটনার খবর পেয়ে সেন্টমার্টিন কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টিম উদ্ধার অভিযান চালিয়ে চার জনের মৃতদেহ, ১৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে এবং এখনো ৯ জন মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত মুমূর্ষুদের জরুরি ভিত্তিতে চিকিত্সা সহায়তা দেওয়া হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নৌবাহিনীর শ্যামল বাংলা জাহাজটি নিখোঁজদের সন্ধানে উদ্ধার তত্পরতা অব্যাহত রেখেছে বলে সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট আরিফুজ্জামান রনী জানান। 

বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া উইংয়ের প্রধান লেঃ রউফ উক্ত সংবাদের সত্যতা নিশ্চিত করে আরো বলেন, আমরা এখনো ট্রলারটি কোথাকার, কি কারণে দুর্ঘটনার কবলে পড়ে, উদ্ধারকৃতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।