দেশে করোনা ভাইরাসে আরো ২২ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্তের সংখ্যা এপ্রিলের পর প্রথম ৫০০-এর নিচে নেমে এসেছে। গতকাল শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৪৩৬ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২২ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার তিন জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৩৩৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন এক দিনে। সুস্থ রোগী ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ জন।
বাংলাদেশে কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বাধিক মৃত্যু।
