মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গজারিয়ায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচর কলেজের সামনে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুকে পেছন থেকে আসা কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন—রাজধানী ঢাকার হাজারীবাগ থানাধীন ৩১/১ মনেশ্বর রোডের মৃত তারিক উল্লাহর ছেলে নাহিদ উল্লাহ (২৬) ও ৬৯ গজমহল রোডের আব্দুর রহিম মিন্টুর ছেলে মহিউদ্দিন পলাশ (২৭)। গজারিয়া ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যান চালক আল-আমিনকে আটক করা হয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে রবিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচ জন। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি ওসমানপল্লী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে গেলে যাত্রী আব্দুল সাত্তার মারা যান। মানিকছড়ি থানার ওসি আমির হোসেন জানান, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাওয়ার পথে ওসমানপল্লী এলাকায় যাত্রীবাহী বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়।
