দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে শনাক্ত হয়েছে ৪৭৩ জন, মারা গেছেন আরো ২০ জন। এর মধ্যে বিশোর্ধ্ব এক জন, চল্লিশোর্ধ্ব এক জন, পঞ্চাশোর্ধ্ব পাঁচ জন ও ষাটোর্ধ্ব ১৩ জন। বিভাগওয়ারি হিসাবে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে পাঁচ জন, রাজশাহীতে দুই জন এবং খুলনায় এক জন।
গতকাল রবিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৭৩ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২০ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২৩ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৫১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৬ হাজার ৪১৩ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৬টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৫৬টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ২০০টি ল্যাবে ১৪ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
