হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ বিএনপির দুই নেতাকে আটক করে।
স্থানীয়রা জানান, রবিবার উপজেলার গাতাবলা বাজারে পুলিশের অনুমতি না নিয়ে কাউন্সিলের আয়োজন করে মিরাশী ইউনিয়ন বিএনপি। পুলিশ অনুমতি না নিয়ে কাউন্সিল আহ্বান করার কারণ জানতে চাইলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশসহ বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক জি কে গউছ এবং কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন। সংঘর্ষে চুনারুঘাট থানার পুলিশের এএসআই আওলাদ হোসেন, এএসআই উত্তম, কনস্টেবল আদিল আহত হন। আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এদিকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংকন, বিএনপির নেতা হাফিজুর রহমান হাফিজ, চুনারুঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান সুজন, ফয়সল আহমেদ, তুহিন, মাহিন, শফিক, মোস্তাকসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।
চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বলেন, অনুমতি না নিয়ে সভা আহ্বান করার কারণ জানতে চাইলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
