লালমনিরহাটে পুড়িয়ে হত্যা

চার আসামির জামিন আবেদন হাইকোর্টে খারিজ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০০:০৭

লালমনিরহাটের বুড়িমারী উপজেলায় শহিদুন্নবী জুয়েলকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় চার আসামির জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। জামিন আবেদন খারিজ হওয়া চার আসামি হলেন, মো. আশরাফুল ইসলাম, মো. বাইজিদ বোস্তামি, মো. আবদুর রহিম ও মো. হেলাল উদ্দিন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী।

নিহত জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকরিচ্যুত হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। গত ২৯ অক্টোবর বুড়িমাড়িতে তাকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেয় আসামিরা।