নেদারল্যান্ডসে গ্রেফতার হলেন এশিয়ার ‘ড্রাগ লর্ড’ সে চি লপ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০০:১১

নেদারল্যান্ডসের পুলিশ দাবি করছে যে, তারা এক ব্যক্তিকে আটক করেছে, যিনি বিশ্বের সবচেয়ে বড় মাদক পাচারকারি দলগুলোর একটির প্রধান। চীনে জন্ম নেওয়া কানাডিয়ান নাগরিক সে চি লপকে বলা হচ্ছে ‘দ্য কোম্পানি’র প্রধান। পুরো এশিয়ায় সাত হাজার কোটি ডলারের অবৈধ মাদকের বাজার পরিচালনা করে তারা। বিবিসির খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়া তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর আমস্টারডামের শিপোল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অস্ট্রেলিয়া এখন এই ব্যক্তিকে প্রত্যর্পণের আবেদন করবে।

অস্ট্রেলিয়ার পুলিশ বিভাগের ধারণা, দ্য কোম্পানি, যেটি স্যাম গোর সিন্ডিকেট নামেও পরিচিত—পুরো এশিয়ার মাদক ব্যবসার প্রায় ৭০ ভাগ নিয়ন্ত্রণ করে। ব্যবসার পরিসরের কারণে ৫৬ বছর বয়সি সে’কে কুখ্যাত মেক্সিকান মাদক ব্যবসায়ী ‘এল চাপো’ গুজমানের সঙ্গেও তুলনা করা হয়। শুক্রবার গ্রেফতার হওয়ার আগে প্রায় ১০ বছর সে’র গতিবিধির ওপর নজর রাখছিল অস্ট্রেলিয়ার পুলিশ। ২০১৯ সালে সংবাদ সংস্থা রয়টার্স সে সম্পর্কে একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে—যেখানে তাকে এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। ঐ খবরে জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে জানানো হয়, শুধু মেথঅ্যামফেটামিন বিক্রি করে ২০১৮ সালে সিন্ডিকেটের আয় হয়েছিল ১ হাজার ৭০০ কোটি ডলার।