খুলনায় ইয়াবা বিক্রির দায়ে জেলা ছাত্রলীগ নেতাসহ আটক ৪

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২৩:১৭

খুলনায় ইয়াবা বিক্রির দায়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হাসান আরমানসহ চার জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকালে নগরীর শেখপাড়া দৈনিক জনকণ্ঠ অফিসের পাশের গলি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, প্রথমে সানি ও তুষারকে আটক করা হয়। সানির কাছে ৩৫ পিস ও তুষারের কাছে ৩ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় সানি ও তুষার পুলিশকে জানায়, তারা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমানের মাল (ইয়াবা) বিক্রি করে। পরে দৈনিক জনকণ্ঠ অফিসের পাশের গলি থেকে আরমান ও তার সঙ্গে থাকা হোসেনকে আটক করা হয়। আরমানের কাছে ৯ পিস ও হোসেনের কাছে আরো ৩ পিস ইয়াবা পাওয়া যায়।

ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। এ দিকে গতকাল সোমবার সন্ধ্যায় ইয়াবাসহ আটক  জুয়েল হাসান আরমানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ইমু বিষয়টি নিশ্চিত করেন।