চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলায় তিন ফসলি কৃষিজমিগুলোকে পরিণত করা হচ্ছে গভীর পুকুরে। এতে করে আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমির পরিমাণ। উপজেলার প্রত্যন্ত এলাকায় ফসলি জমি কেটে অবাধে পুকুর কাটা হচ্ছে। এসব ফসলি জমির মাটি যাচ্ছে উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলোতে। প্রতিনিয়ত ফসলি জমি কেটে পুকুর খনন করায় একদিকে যেমন মাঠের সৌন্দর্য হারচ্ছে তেমনি পাশের জমিগুলোতে সৃষ্টি হবে জলাবদ্ধতা, এমন আশঙ্কা স্থানীয়দের। খোঁজ নিয়ে জানা গেছে, চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে শ্রমিক অথবা ভেকু দিয়ে ফসলি জমি কাটা হচ্ছে। উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বারকোনা পাইট্যাল বিলে চলছে ফসলি জমি খনন। একইভাবে হরিপুর ও ডিবিগ্রাম, ফৈলজানা ও মূলগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে চলছে ফসলি জমি খনন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
