গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মধুপুর বনাঞ্চলের ২৫ হাজার গারো ও কোচকে উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জয়েনশাহী উন্নয়ন পরিষদ, বাংলাদেশ কোচ পরিষদ, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ দশটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের আনারস চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জয়েনশাহী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, জিএমডিসির সভাপতি অজয় এ মৃ, ট্রাইবাল ওয়েলেফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান উইলিয়াম দাজেল, মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক প্রমুখ।
