দেশের বাজারে নতুন মডেলের কেটিএম মোটরসাইকেল

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:১৬

ইত্তেফাক রিপোর্ট

বিশ্বের প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড কেটিএম রানার অটোমোবাইলস লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে তাদের প্রথম দুটি মোটরসাইকেল মডেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। গতকাল ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রানার অটোমোবাইলস লিমিটেডের কারখানায় আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে কেটিএম ১২৫ ডিউক এবং কেটিএম আরসি ১২৫ মডেল দুটি উন্মোচন করেছে।

কেটিএমের ‘রেডি টু রেস’ ফিলোসফির সঙ্গে ডিউক এবং আরসি বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে। কেটিএম ১২৫ ডিউকের রয়েছে লিকুইড-কুলড, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন, যা ৯২৫০ আরপিএমে দেয় ১৪.৫ এইচপি ক্ষমতা এবং ৮০০০ আরপিএমে দেয় ১২ নিউটন মিটার। এর অ্যালুমিনিয়াম সিলিন্ডারের ভেতরের দেওয়ালে নিকাসিল কোটিং দেওয়া হয়েছে। কেটিএম আরসি ১২৫ এ রয়েছে শীর্ষমানের এবিএস সিস্টেম, শক্তিশালী ফেয়ারিং এবং রোমাঞ্চকর লিন ফরওয়ার্ড স্টাইলের দুর্দান্ত অ্যারোডাইনামিক স্টাইল। আর ইঞ্জিনের স্পেসিফিকেশনগুলো কেটিএম ১২৫ ডিউকের অনুরূপ। এ উন্মোচন নিয়ে রানার অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রিয়াজুল চৌধুরী বলেন, রানার অটোমোবাইলস লিমিটেড সর্বদা আমাদের গ্রাহকদের জন্য সর্বোত্তম অভিজ্ঞতা নিশ্চিত করার উদ্দেশ্যে নতুন পণ্য এবং উদ্ভাবন আনতে অগ্রণী ভূমিকা পালন করে। বাইক বাজারে ছাড়ার ঘোষণার পর থেকে কেটিএমের জন্য বাইকপ্রেমীদের উচ্ছ্বাস এবং আগ্রহ দেখে আমরা অভিভূত।