আফগানিস্তানে সামরিক ঘাঁটি ও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে তালেবান হামলায় শতাধিক নিহত এবং অনেক আহত হয়েছেন। গতকাল সোমবার এই হামলা চালানো হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, অন্তত ১২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান। খবর আল জাজিরা’র
গতকাল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ময়দান ওয়ারডোকের ময়দান শারে হামলা চালায় তালেবান সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আমরা ১২৬ জন নিহত হওয়ার খবর পেয়েছি। সামরিক কম্পাউন্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিহতের মধ্যে ৮ জন বিশেষ কমান্ডার রয়েছেন। বিস্ফোরণ এতো শক্তিশালী ছিল যে, পুরো ভবনই ধ্বসে পড়ে। কর্মকর্তা জানান, সোমবার সকালে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সেনা চেকপোস্টের ভেতর দিয়ে নেওয়া হয় এবং বিস্ফোরণ ঘটানো হয়। এরপরই দুইজন বন্দুকধারী ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) ক্যাম্পাসে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে অনেক সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন। পরে সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে হামলাকারীরা নিহত হয়। তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের তৈরি আর্মার্ড আর্মি ভেহিকেলস ব্যবহার করে। এটি তারা আফগান নিরাপত্তা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। সামরিক বাঁধা অতিক্রম করতেই গাড়িটি ব্যবহার করা হয়। ওয়ারডোক প্রদেশের সাবেক কর্মকর্তা জানিয়েছেন, এনডিএস কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ হচ্ছে। তারা তাকে ক্যাম্পাসের ভেতরে বিস্ফোরণে শতাধিক নিহত হওয়ার কথা জানিয়েছেন। প্রদেশ কাউন্সিলের অন্যতম সদস্য শরিফ হোতাক জানিয়েছেন, হাসপাতালে তিনি ৩৫ আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যের মরদেহ দেখেছেন।
