বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা -------- বাণিজ্য মন্ত্রী

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২২:২৬

বরিশাল অফিস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের ভার্চুয়াল আলোচনায় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটি ঠিকানা দিয়েছেন। দিয়েছেন একটি স্বাধীন দেশ ও একটি মানচিত্র। যার নাম বাংলাদেশ। সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের অর্থনৈতিক ভিতকে মজবুত করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। তার সে স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। কেননা বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর অর্থনৈতিক ভাবনা ও আজকের বাংলাদেশ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান। স্বাগত বক্তা ছিলেন ববির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মো. মেহেদী হাসান।