তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা জানান, অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমি প্রধানমন্ত্রী তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় সব খেলোয়াড়, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
জেপির অভিনন্দন
জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২০ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়ে দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। জেপির নেতৃদ্বয় বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য, অধিনায়ক তামিম ইকবাল, সিরিজের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান এবং ম্যান অব দি ম্যাচ মুশফিকুর রহিমকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার, কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। আমরা আশা করি, আসন্ন টেস্ট ম্যাচ সিরিজেও তারা তাদের জয়ের এই ধারাকে বজায় রাখবেন।
