মঞ্জুর হত্যা মামলা থেকে এরশাদসহ দুই জনকে অব্যাহতি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০০:২০

মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এইচ এম এরশাদ ও মেজর জেনারেল (অব.) আবদুল লতিফকে অব্যাহতি দিয়েছে আদালত। মৃত্যুজনিত কারণে সম্পূরক অভিযোগপত্রে তাদের অব্যাহতি চেয়ে করা আবেদন গ্রহণ করে গতকাল সোমবার এ আদেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা। একই সঙ্গে আগামী ৬ এপ্রিল এ মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার কুতুবুর রহমানের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আদালত।

সম্প্রতি একই আদালতে তিন জনকে অভিযুক্ত ও দুই জনকে অব্যাহতির সুপারিশ করে এ সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এতে মেজর (অব.) কাজী এমদাদুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূইয়া ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুর রহমান শামসকে অভিযুক্ত করা হয়। ১৯৮১ সালের ১ জুন জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়।