যুক্তরাষ্ট্রকে টপকে নতুন সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য বিশ্বের শীর্ষ গন্তব্য হয়ে দাঁড়িয়েছে চীন। রবিবার জাতিসংঘের প্রকাশ করা পরিসংখ্যানে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। গত বছর যুক্তরাষ্ট্রে বিদেশি কোম্পানিগুলোর নতুন বিনিয়োগ প্রায় অর্ধেকে নেমে গেছে, এতে দেশটি নিজের এক নম্বর স্থান হারায়। এর বিপরীতে, একই সময় চীনের প্রতিষ্ঠানগুলোতে নতুন সরাসরি বিনিয়োগের পরিমাণ চার শতাংশ বেড়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানগুলো দেখিয়েছে, এতে দেশটি বিশ্বের এক নম্বর স্থানে উঠে আসে। বিবিসি বলছে, র্যাংকিংয়ের এই শীর্ষে অবস্থান বিশ্ব অর্থনীতির মঞ্চে চীনের বাড়তে থাকা প্রভাব প্রদর্শন করছে। তাদের প্রতিবেদনে জাতিসংঘের বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা-আঙ্কটাড জানিয়েছে, গত বছর চীনে ১৬৩ বিলিয়ন ডলারের নতুন সরাসরি বিদেশি বিনিয়োগ গিয়েছে আর যুক্তরাষ্ট্রে গিয়েছে ১৩৪ বিলিয়ন ডলারের। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ২৫১ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ পেয়েছিল আর চীন পেয়েছিল ১৪০ বিলিয়ন ডলারের। তবে নতুন বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে চীন এক নম্বর হলেও মোট বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনও আধিপত্য ধরে রেখেছে।
