দণ্ডিত সাবেক দুই আইজিপির জামিন

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০০:২৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত সাবেক দুই আইজিপি আশরাফুল হুদা ও শহুদুল হককে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। সাজার রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল মঞ্জুর করে বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। তবে এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ। তিনি বলেন, আসামিরা দুই বছরের দণ্ডপ্রাপ্ত। ১৪ মাস কারাভোগ করেছেন। এই বিবেচনায় হাইকোর্ট জামিন মঞ্জুর করেছে।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। গত ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ সাবেক প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন দণ্ড দেয়। এছাড়া সাবেক তিন সেনা কর্মকর্তা ও আট পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে লঘু দণ্ড দেওয়া হয়। এর মধ্যে সাবেক দুই আইজিপি আশরাফুল হুদা ও শহুদুল হককে দণ্ডবিধির ২১২ (অপরাধীকে আশ্রয়দান-মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে) ও ২১৭ (কোন ব্যক্তিকে শাস্তি হইতে বাঁচাবার বা কোন সম্পত্তিকে বাজেয়াপ্ত হইতে বাঁচাবার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ অমান্যকরণ) এবং ২০১ (অপরাধীকে গোপন করিবার জন্য অপরাধের সাক্ষ্য অদৃশ্য করিয়া দেওয়া বা মিথ্যা তথ্য সরবরাহ করা) ধারায় ২ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত। এই সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেন তারা। তাদের পক্ষে শুনানি করেন আসাদউর রউফ। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।